নোয়াখালীর বেগমগঞ্জে মেলায় নাগরদোলায় চড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম লাকী বেগম (১৯)। তার স্বামীর নাম মো: শাকিব। ওই ঘটনার পর নোয়াখালী জেনারেল হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত শাকিবকে আটক করেছে পুলিশ।

শাকিব নোয়াখালী সদর উপজেলার মান্নান নগরের বেদে পল্লী এলাকার মঙ্গল হোসেনের ছেলে। লাকী বেগমগঞ্জের উপজেলার কালাপোল এলাকার বেদে পল্লীর মনছুর আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে নাগরদোলায় অনেক দর্শনার্থী ওঠেন। নাগরদোলা চলাকালে এক ব্যক্তি পাশের এক নারীর গলায় ছুরিকাঘাত করেন। এতে গলার বেশ কিছু অংশ কেটে যায়। স্থানীয় লোকজন আহত নারীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত লাকী বেগমের মা শেফালী বেগম বলেন, এক বছর আগে তার মেয়ে ও শাকিবের বিয়ে হয়। ১৫ দিন আগে লাকী ও শাকিব তাদের বাড়িতে আসে। রোববার দু’জনের মধ্যে ঝগড়া হয়েছিল। একপর্যায়ে লাকীকে মারধর করে শাকিব তার মুঠোফোন ভেঙে ফেলে। গতকাল সন্ধ্যায় লাকীকে নিয়ে মেলায় যায় শাকিব। পরে লাকীকে ছুরি মেরে হত্যার খবর পান তিনি।

শেফালী বেগম আরো বলেন, তার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। অভিযুক্ত শাকিবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত শাকিবকে আটক করা হয়েছে। এটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড।