বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। দেশের জনগণের শাসন চাই। কোনো জমিদারের শাসন চাই না। জনগণ ভোট দিতে চায়। তাদের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হবে। সর্বোপরি জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়।’
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় লৌহজং সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ২৪’র গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, গত বছরের ৫ আগস্টে পতিত সরকার গত ১৫ বছরে বাংলাদেশে কোনো নির্বাচন দেয়নি। ১৪, ১৮, ২৪ সালের নির্বাচন সমস্ত বেআইনী। নতুন করে আমরা এমন ব্যবস্থা চাই যেন কেউ জনগণের বিরুদ্ধে গেলে তাকে ক্ষমতা থেকে, পালার্মেন্ট থেকে অনাস্থা দিয়ে নামানো যায়। সেটার নাম সংস্কার। এ সংস্কারের সাথে নির্বাচনও চাই।’
তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘আপনার সরকারের নাম একটি অন্তর্বর্তী সরকার। তার মানে একটা ট্রেন আসবে, একটা ট্রেন যাবে। আপনি একটা স্টেশনে আছেন। মাঝে একটি সরকার। আপনারা ইনটেরিম গভর্নমেন্ট, যাদের কাজ হচ্ছে বাংলাদেশে যাতে ভবিষ্যতে সিঙ্গাপুরের চেয়ে বড় দেশ হতে পারে, এখানে আন্তর্জাতিক মানের বিমান বন্দর হতে পারে সে ব্যবস্থা করা। এছাড়া মানুষের কর্মসংস্থান, দেশে বিনিয়োগ, ছেলেমেয়েদের ভালো শিক্ষা, আইনশৃঙ্খলা ঠিক, বাড়াবাড়ি না থাকা। এমন একটা ব্যবস্থার সূচনা করাই তাদের কাজ।’
তিনি সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশ করে বলেন, নিজের বাপদাদার দেশে কেউ প্রধান অতিথি হয় না। আমি এখানে প্রধান অতিথি হয়ে আসিনি। প্রধান বক্তা হিসেবে এসেছি। এখানে আপনারা সবাই প্রধান অতিথি। নিজের বাপদাদার দেশে যেই লোক প্রধান অতিথি হয়, তিনি অতিথি নেতা। তিনি প্রকৃত নেতা নয়।’
লৌহজং থানা বিএনপি নেতা শেখ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন নসু, আতাউর রহমান খান, শাহ কামাল ঢালী, জিয়াউল ইসলাম মাসুদ, রোমান মিয়া, রহিম মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের শেখ সোলায়মান তপু, মাসুদ পারভেজ, অহিদুল ইসলাম ওহিদ, সুরুজ শেখ, শাহাদত হোসেন প্রমুখ। এ সময় দলীয় অঙ্গ-সংগঠনের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।