নোয়াখালীর চৌমুহনীতে আগুনে অন্তত ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে এ ঘটনা ঘটে। চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চৌমুহনী বাজারের হর্কাস মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে একে একে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা চার্জ দেয়ার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।