চুয়াডাঙ্গার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৪ শতাংশ হওয়ায় অতিরিক্ত গরম ও ভ্যাপসা পরিবেশে জনজীবন তীব্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৮ মে) চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এটি মাঝারি ধরনের তাপপ্রবাহের আওতায় পড়ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়তে পারে।’

গরমের কারণে শহর ও গ্রামাঞ্চলের মানুষজন প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। শহরের রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে গেছে। গরমের তীব্রতায় সবচেয়ে বেশি অনুভব করছেন শ্রমজীবী মানুষরা।

চুয়াডাঙ্গার বাসিন্দারা এখন কেবল বৃষ্টির জন্য অপেক্ষা করছেন। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।