গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী প্রকৌশলী শাহজাহান হোসেন (৪৫) ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৪ আগস্ট) সকালে পৌরসভার ছোট লতিফপুর এলাকার স্থানীয় মশিউরের ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

প্রকৌশলী শাহজাহান হোসেন গাজীপুর মহানগরের কাশিমপুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুরের ছেলে।

তিনি লতিফপুর এলাকায় স্থানীয় মশিউরের বাসায় পরিবারসহ ভাড়া থেকে কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার নূরুল টেক্সটাইল কারখানায় মেইনটেন্যান্স সেকশনে চাকরি করতেন।

মৃতের মামাশ্বশুর সোহেল ইমরান স্থানীয়দের বরাত দিয়ে জানান, শাহজাহান হোসেন স্ত্রী সেলভিয়া এবং ধ্রুব (১৪) ও জিস্তি (১০) নামের দুই ছেলেকে নিয়ে দীর্ঘদিন যাবত লতিফপুর ভাড়া বাসায় বসবাস করতেন। স্ত্রীর উচ্ছৃঙ্খল চলাফেরা এবং পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। রোববার রাতেও তাদের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তারা দু’জনেই ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না পেয়ে পাশের কক্ষে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে ছিটকানো লাগানো। পরে জানালা দিয়ে দেখেন তার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রী সেলভিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন।

কালিয়াকৈর থানার এসআই জামিল হোসেন বলেন, ‘মৃতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’