ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রুমা সড়কের ওয়াই জংশন এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়ায় বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এছাড়া চকরিয়া-আলীকদম সড়কের শিলের তোয়া এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় আলীকদম উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৩১ মে) সরেজমিনে গিয়ে দেখা গেছে এসব সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ও সড়ক জনপথ বিভাগ বিভিন্ন সড়কে কাজ করছেন।

এছাড়া নদীর উজানে ভারী বৃষ্টিপাত হওয়ায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বান্দরবান শহরের নিম্নাঞ্চল থেকে পানি নেমে ধীরে ধীরে নেমে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সতর্ক করতে শহরে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বান্দরবানের সাত উপজেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।