কুমিল্লার বুড়িচংয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ফয়সাল আহমেদ তন্ময় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তন্ময় মনিপুর গ্রামের আলকাছ ভূঁইয়ার ছেলে বলে জানা গেছে।

নিহতের চাচাতো ভাই সুমন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নিহত তন্ময় কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজের অফিস সহকারী ছিলেন ও পাশাপাশি ইস্টার্ন মেডিক্যালেজের সামনে একটি স্টেশনারি দোকান পরিচালনা করতো।

মঙ্গলবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তার সাথে থাকা আরেকজন বন্ধুকে নিয়ে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হয়। এ সময় বাড়ির পাশেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তন্মকে ধাক্কা দেয়। এতে তন্ময় ছিটকে রাস্তার পাশের পিলারে আঘাতপ্রাপ্ত হয়।

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান।

বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে জানাজা শেষে তন্ময়কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়েই লাশ নিয়ে গেছে। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।