বগুড়া শহরের রাজাবাজার পাইকারি বাজারে সেনাবাহিনীর অভিযানে প্রায় আড়াই টন মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে পরিচালিত অভিযানে জাহাঙ্গীর স্টোরের গুদাম থেকে দারুচিনি, জিরা, এলাচ, তকমা ও কিসমিসসহ বিভিন্ন ধরনের দুই হাজার ৬০০ কেজি মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার করা হয়। এসব মসলার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে জাহাঙ্গীর স্টোরের মালিকের কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ অংশ নেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মসলাগুলো দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় গুদামে রাখা হয়েছিল এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। এগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।