সমুদ্রে গভীর নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে উপকূলে ভেসে এলো এক জোড়া ডলফিন। জোয়ারের পানি কমে গেলেও ডলফিনগুলো নামতে পারেনি। ভাসতে থাকা ডলফিন নিয়ে আনন্দে মেতেছে স্থানীয় জেলেরা।
শনিবার (৩১ মে) দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে ঘটনাটি ঘটে। ডলফিনগুলো দেখতে ভিড় করেন এলাকাবাসী।
ডলফিন ও মানুষের চিত্তাকর্ষক খেলাধুলা টিভির পর্দায় দেখা গেলেও প্রত্যন্ত দ্বীপাঞ্চলে এ যেন এক অকল্পনীয় ঘটনা।
জানা গেছে, ডলফিনের এক রকম খুনসুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন স্থানীয় বেলাল উদ্দিন।
স্থানীয় পল্লি চিকিৎসক বেলাল উদ্দিন জানান, বন্দরটিলা বাজারের পূর্ব পাশে নিঝুমদ্বীপ এবং দমারচরের মাঝখানের মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দু’টি ডলফিন। ভাটায় পানি কমে যাওয়ায় ডলফিনগুলো দ্বীপের পাশে আটকা পড়ে।
তিনি বলেন, জেলেরা মাছ ধরতে গেলে ডলফিন দু’টি দেখতে পান। পরে খবর পেয়ে আমরাও সেখানে যাই। জেলেরা ডলফিনের সাথে খুনসুটি করতে থাকে। তারা ডলফিনগুলোকে সাগরের দিকে নামানোর চেষ্টা করে, নামাতে পারেনি। পরে আবার জোয়ার এলে ডলফিনগুলো সাগরে চলে যায়।