দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কটি অবশেষে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের এমপি ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।

সরেজমিন পরিদর্শনের পর গতকাল বৃহস্পতিবার থেকেই সড়কটির জরুরি সংস্কারকাজ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বীরবেতাগৈর ইউনিয়নের ওপর দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষা মৌসুমে সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় যান চলাচল আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সম্প্রতি সড়কটির দুরবস্থার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নজরে এলে তিনি নিজের ফেসবুক আইডিতে দুঃখ প্রকাশ করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন। একইসাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তার নির্দেশনার পরই সওজ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কারকাজ শুরু করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় চার বছর আগে দুইটি প্যাকেজে প্রায় ২৫৬ কোটি টাকা ব্যয়ে ৪২ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় কাজ মাঝপথে থেমে যায়। ফলে বিভিন্ন স্থানে সড়ক খোঁড়া অবস্থায় পড়ে থেকে মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে তোলে।

এলাকাবাসীর ভাষ্য, বহু চেষ্টা-তদবির করেও এতদিন সড়কটির কোনো সমাধান হয়নি। প্রতিমন্ত্রীর দ্রুত উদ্যোগে অবশেষে সংস্কারকাজ শুরু হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা আশা করছেন, দ্রুত কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।