মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের গোশত ও চামড়া উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদকর্মীদের এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টায় জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ২৪ কেজি হরিণের গোশত, একটি হরিণের চামড়া এবং শিকারে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল বন বিভাগের নন্দবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।