মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে এই ঘটনায় বাড়ির একটি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। এলাকাবাসীর সন্দেহ প্রধানমন্ত্রীর মুখচ্ছবি আঁকার ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
জানা গেছে, পয়লা বৈশাখে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখচ্ছবি আঁকার অভিযোগে মানবেন্দ্র ঘোষকে হুমকি দেয়া হচ্ছিল। তবে মানবেন্দ্রের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন।
মানবেন্দ্র ঘোষ বলেন, `আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। সরকারের হস্তক্ষেপ কামনা করছি।‘
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক জানান, সরকার ক্ষতিগ্রস্ত শিল্পীর বাড়ি পুনঃনির্মাণ করে দেবে।
উল্লেখ্য, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়।