নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোনের মধ্যে বড় বোন সুইটি আক্তার (২০) মারা গেছেন।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ছোট বোন তাসকিন আক্তারের (২৪) অবস্থা আশঙ্কাজনক।

সুইটি নীলফামারী মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তাসকিন ডোমার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। তারা দু‘জনেই নীলফামারী ইপিজেডের একটি কারখানায় কাজ করতেন এবং ইপিজেড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতির সময় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দুই বোনই গুরুতরভাবে দগ্ধ হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. শাহীন শাহ জানান, সুইটির শরীরে ১০০ ভাগ দগ্ধ হয়েছিল। তাসকিনেরও শরীরের প্রায় ১০০ ভাগ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন।