বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মহান মে দিবসের র‌্যালি শেষে রাস্তার পাশে খিচুড়ি খাওয়ার সময় পূর্ব ধামসর সোনার বাংলা বাজার সামনে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় এক শ্রমিক দল নেতা নিহত হয়েছে।

সড়ক অবরোধ ও স্থানীয়রা ধাওয়া করে ঘাতক বাসটি আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এসআই মো: শফিকুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) দুপুর দেড়টার দিকে শ্রমিক দলের অনুষ্ঠান শেষে রাস্তার পূর্বপাশে শ্রমিক দলের নেতা মানিক গাজী (৬০) খিচুড়ি খাচ্ছিলেন। হঠাৎ করে ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো গ -১২-১৮৫৭ মানিক গাজীকে পেছন থেকে চাপা দেয়। এ সময় শ্রমিকদের নেতা মানিক গুরুতর আহত হন। পরে শ্রমিক দলনেতা বাবুল ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক মো: খোকন ডাকুয়ার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

চাপা দেয়ার সময় বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শ্রমিক ও স্থানীয়রা ধাওয়া করে এম এ জলিল সেতু থেকে আটক করে সোনার বাংলা বাজারে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত মানিক গাজী উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম ওটরা গ্রামের আব্দুল হক গাজীর ছেলে।

এ ঘটনায় বিক্ষিপ্ত শ্রমিক দল কর্মীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, মামলা প্রস্তুতি চলছে।