আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে আমরা রুখে দেব মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে খুনি হাসিনা ও তার দলের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগকে যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করে তাহলে আমরা সর্বশক্তি দিয়ে রুখে দিব। আওয়ামী রাজনীতির কবর গত ৫ আগস্ট রচনা হয়েছে।’
শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের কল্যাণে দোয়া ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, দ্রুততম সময়ে আওয়ামী লীগের বিচার করা হোক।
এ সময় তিনি আরো বলেন, ‘সংস্কারের নামে নির্বাচন দেরি করলে জনগণ তা মেনে নেবে না। একটা কুচক্র রয়েছে সরকারের ভেতরে এবং বাইরে থেকে বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। যাতে আগামী নির্বাচনে বিএনপির জনসমর্থন কমাতে পারে ও নির্বাচন যেন দেরি হয়।’
তিনি বলেন, ‘বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আগামী নির্বাচনকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। জনগণের সমর্থন ও মনকে জয় করে তাদের ভোট নিয়ে আমাদের দলকে ক্ষমতায় আনতে হবে। আমরা নির্বাচনের কথা বলি তার মানে এটা না যে আমরা সংস্কার চাই না। সংস্কার কথা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমন ৩১ দফার মধ্যে বলে দিয়েছেন।’
সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপিও সংস্কার করতে পারবে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে আন্দোলন হয়েছিল গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, আর গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে ভোটাধিকার। যারা সংবিধান মুছে ফেলতে চায়, তারা সফল হবে না। আদর্শিক রাজনীতি করতে হবে এবং কোনো ধরনের ভেদাভেদ সৃষ্টি করা যাবে না।
এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাউসুল আলম, সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আফিস আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ প্রমুখ বক্তব্য দেন।