গাজীপুরে চায়ের দোকান থেকে এক যুবককে ডেকে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ৮টার দিকে মহানগরের টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তিতে এই ঘটনা ঘটে।
নিহত যুবক সিজান (২৫) স্থানীয় পুরাতন মালামল ক্রয়-বিক্রয় দোকানের কর্মচারী। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামে।
তিনি পরিবারসহ টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন সিজান। এ সময় অজ্ঞাত পরিচয়ের দুই যুবক তাকে বাইরে ডেকে নিয়ে যায়। নির্জন স্থানে নিয়ে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সিজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। সিজনের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।