যশোরের চৌগাছায় এক কৃষকের দুই বিঘা পাঁচ কাঠা জমির মাল্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোররাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর উত্তর মাঠে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আমিনুর রহমান খান উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের খাপাড়ার বাসিন্দা। তিনি জানান, গত দু’বছর ধরে জমিতে মাল্টা চাষ করে আসছেন তিনি। এ বছরের মধ্যেই প্রথম দফার ফল সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি বলেন, ‘আমি জীবনের সব সঞ্চয়ের টাকা দিয়ে এ বাগান করেছি। আমার কারো সাথে কোনো শত্রুতা নেই। যারা এটা করেছে, তারা আমার স্বপ্ন ধ্বংস করেছে। আমার প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাব্বির হোসাইন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ বলে মনে হচ্ছে। মাল্টা চাষ এই অঞ্চলে সম্প্রসারণের পথে ছিল। এমন একটি ঘটনা নতুন চাষিদের নিরুৎসাহিত করতে পারে।’

এদিকে এলাকায় কৃষকের মাল্টা গাছ কেটে দেয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, আগা থেকে কাটলে গাছ পুনরায় হয়, ফলও ধরে। কিন্তু গাছগুলো একেবারে গোড়া থেকে কাটা হয়েছে। পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, শত্রুতা করেই এ কাজ করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’