ঐক্যবদ্ধভাবে ব্যবসার সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে মন্তব্য করে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) কেন্দ্রীয় সভাপতি মো: শহিদুল ইসলাম বলেছেন, ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যবসায়ীদের গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনে দেশপ্রেমিক ব্যবসায়ীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশে রাষ্ট্র সংস্কার কার্যক্রম চলছে। ব্যবসার ক্ষেত্রে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিতে সবাইকে সোচ্চার হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ব্যবসার সিন্ডিকেট ভেঙে দিতে হবে।’
সোমবার (২১ এপ্রিল) ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) সিলেট জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘হালাল ব্যবসা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনার অংশ। ইসলাম ব্যবসাকে বৈধ উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এতে সততা, ন্যায়পরায়ণতা ও হালাল-পদ্ধতির অনুসরণ করতে হবে। তবেই প্রকৃত মুমিন হওয়া যাবে। তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। একজন প্রকৃত মুসলিম ব্যবসায়ী কোনো সময় সিন্ডিকেট ও হারামভাবে উপার্জন করতে পারে না। সততা ও দক্ষতার সাথে ব্যবসা করলে উন্নতি করা যায়। কারণ এই দু’টি গুণ ব্যবসার অন্যতম পুঁজি।’
আইবিডব্লিউএফ সিলেট মহানগরের সভাপতি আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সদস্য মো: এ কে এম রফিকুন্নবী, সংগঠনের সিলেট মহানগরী উপদেষ্টা মো: ফখরুল ইসলাম, সিলেট জেলা উপদেষ্টা ও ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, আইবিডব্লিউএফ-এর সিলেট মহানগর উপদেষ্টা শাহজাহান আলী।
এ সময় সম্মেলনে আইবিডব্লিউএফ-এর সিলেট জেলা সভাপতি ও সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ফুলকলির ডিজিএম খন্দকার জসিম উদ্দিন, সোমা ইন্টারন্যাশনালের এমডি মোতাহার হোসেন বাবুল, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নিয়াজ মো: আজিজুল করিম, হাব সিলেট অঞ্চল সেক্রেটারি আব্দুল কাদির, আটাবের সিলেট অঞ্চল সেক্রেটারি দেওয়ান রুশো চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান ও আইবিডব্লিউএফ-এর সিলেট জেলা সেক্রেটারি মো: চৌধুরী জাবেদ প্রমুখ বক্তব্য দেন।