চট্টগ্রামের পটিয়ায় মো: নুরুল ইসলাম (৫০) নামে এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর ছনহরায় তার বাড়ির কাছে ফসলি জমি থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো: নাজমুন নূর।
নিহত নুরুল ইসলাম ওই এলাকার মরহুম কবির আহমদের ছেলে। তিনি পটিয়া সদরের একটি হোটেলের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
হোটেল মালিক জানান, সোমবার রাত ১১টার দিকে কাজ শেষে হোটেল থেকে চলে যান নুরুল। সকালে তার লাশের খবর পাওয়া যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, ‘নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার গায়ে কোনো কাপড় ছিল না। তার গায়ের শার্ট দিয়ে পেটে শক্ত করে বাঁধা ছিল।’