জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের মাসব্যাপী সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো সামাজিক সংগঠন আরসিবি।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সামাজিক সংগঠন আরসিবির উদ্যোগে ইউনিয়নের পঞ্চানন্দ আর ইউ দ্বি-মুখী দাখিল মাদরাসা মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির।

এ সময় বক্তব্য রাখেন আরসিবির প্রধান পৃষ্ঠপোষক এবং নয়া দিগন্তের নিজস্ব প্রতিবেদক ও রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার শহীদুর রহমান, ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার এবং সহকারী শিক্ষক মো: আবু রায়হান।

আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকারের উপস্থাপনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, আরসিবি উপদেষ্টা সাংবাদিক সুদীপ্ত শামীম, হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক শাহিন আলম, পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য ইয়াসিন আলী প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। বৃক্ষরোপণ অনুষ্ঠানে সহযোগিতা করে স্কাউটস সদস্যরা।

সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, ‘সামাজিক সংগঠন আরসিবির এই ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে শুধু বৃক্ষরোপণ নয় পরিচর্যাই মূল বিষয়।’ সবাইকে এই ধরনের উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকার জানান, প্রাথমিকভাবে বেলকা ইউনিয়নের ৩০টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাসব্যাপী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষরোপন করা হবে।