চট্টগ্রামের চন্দনাইশে চাঞ্চল্যকর কলেজশিক্ষার্থী তামান্না নাহিদ ইয়া প্রকাশ আরজু আকতারকে (১৯) হত্যায় আসামি নাজিম উদ্দীনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ৮ এপ্রিল গভীর রাতে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় পটিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী তামান্না হামিদ ইয়া প্রকাশ আরজু আক্তারকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা করে নাজিম উদ্দীন। নাজিম সম্পর্কে আরজুর মায়ের খালাতো ভাই ও তার মামা। ওই ঘটনাটি দেখে ফেলায় আরজুর বৃদ্ধ নানা ও নানিকে কুপিয়ে ও জবাই করে হত্যার চেষ্টা চালায় নাজিম উদ্দিন। আহত নানা আব্দুল হাকিম (৭০) ও নানি ফরিদা বেগম (৬০) বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন নাজিম উদ্দীনকে আসামি করে চন্দনাইশ থানায় হত্যা ও ধর্ষণচেষ্টা মামলা করেন বলে নিশ্চিত করে পুলিশ পরিদর্শক মো: নুরুজ্জামান।