চুয়াডাঙ্গায় ‘জুলাই পুনর্জাগরণ’-২০২৫ উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৭টায় বেলুন উড়িয়ে দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জুলাই যোদ্ধা শহীদ শুভর বাবা আবু সাঈদ।

দুই কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে দৌড় শুরু হয়ে সার্কিট হাউজ শেষ হয়।

ম্যারাথন প্রতিযোগিতায় ৭ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন দামুড়হুদা জয়রামপুরের সজল ইসলাম। দ্বিতীয় স্থান লাভ করেন আলুকদিয়ার সবুজ (৭ মিনিট ৫৪ সেকেন্ড) এবং তৃতীয় স্থান অধিকার করেন বসু ভান্ডারদহের সুজন আলী (৭ মিনিট ৫৬ সেকেন্ড)।

এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: রফিকুজ্জামান, জুলাই শহীদ পরিবারের সদস্য, ছাত্র-আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।