রংপুরের পীরগাছা সরকারি কলেজে দেড় বছর আগে অধ্যাপক মরহুম মো: আব্দুল মুত্তালিবকে অধ্যক্ষ পদে নিয়োগের আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় তোলপাড় চলছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) সরকারি ১৩৫ কলেজের অধ্যক্ষ পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সংযুক্ত করে একটি আদেশ জারি করেন। সেখানেই অধ্যাপক মরহুম মো: আব্দুল মুত্তালিবের নাম আসে।

অধ্যক্ষ পদে সংযুক্তির প্রজ্ঞাপনে সই করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার উপসচিব মো: মাহবুব আলম।

আব্দুল মুত্তালিব কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ২০২৩ সালের নভেম্বরে মারা যান বলে জানা গেছে।

পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ ফাহমিদ হাসান রনু জানান, ‘ তিনি এক বছর আগে মারা গেছেন। কীভাবে এ পদায়ন হলো তা বলতে পারছি না।’

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সদ্য পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি হওয়া যুগ্ম সচিব মো: নুরুজ্জামান বলেন, ‘দেড় শ’র বেশি সরকারি করা কলেজের অধ্যক্ষ পদে পদায়নের বিষয়ে আমরা কাজ করেছিলাম। ঈদের আগেই তাদের পদায়নের কথা ছিল। অধ্যক্ষ না থাকায় ওই কলেজগুলোর শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তাই অনেকটা তাড়াহুড়া করেই শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের অধ্যাপকদের পদায়ন করা হয়েছে। তবে তথ্য হালনাগাদ না থাকায় হয়ত এ ভুল হয়েছে। মৃত শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়নের বিষয়টি ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেন তিনি।