লক্ষ্মীপুরের রায়পুরে গৃহবধূ আশা আক্তার তানিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে রায়পুর থানার সামনে নিহতের পরিবারের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় তারা ব্যানার-ফেস্টুন হাতে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো বলেন, তানিয়ার মৃত্যুর ঘটনায় প্রকৃত দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
নিহতের ভাই বলেন, “আমার বোন হত্যার বিচার চাই। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় পরিবারের সদস্যরা অভিযুক্ত আব্দুল মান্নান ও রুবিনা আক্তারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ আগস্ট রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের পশ্চিম কলাকোপা নোয়াবাড়ি এলাকায় তানিয়ার রহস্যজনক মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে তাঁকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।