নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না।’

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে মোংলার মিঠাখালী বাজারে মোংলা নাগরিক সমাজের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের গণআকাঙ্খা বাস্তবায়নে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার তথা সুশাসন নিশ্চিত করতে হবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অকাতরে তাদের জীবনকে উৎসর্গ করেছেন। অন্তর্ভূক্তিমূলক স্থায়িত্বশীল উন্নয়নে আইনের শাসন, সম্প্রীতি ও মানবিক মোংলা প্রতিষ্ঠায় আপনাদের সাথে কাজ করতে চাই।’

মোংলা নাগরিক সমাজ’র আহ্বায়ক সাংবাদিক ও পরিবেশযোদ্ধা মো: নূর আলম শেখের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মোংলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রুস্তুম আলি, মোংলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু হানিফ, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো: সেলিম, মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু, ব্যাংকার জহির আহমেদ, উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক এম এ মামুন, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, উপকূলীয় নারীনেত্রী কমলা সরকার ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ তুহিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় মোংলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র খ্যাতিমান আইনজীবী নবনিযুক্ত সহকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে আরো বলেন, ‘আমরা এমন কোনো কাজ যেন না করি যাতে শহীদদের আত্মা কষ্ট পায়। তিনি অপরাধ দমনে আইনশৃংখলা বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মো: নূর আলম শেখ বলেন, ‘রাষ্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। দেশে যাতে আর কোনোদিনও ফ্যাসিবাদী মতাদর্শ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য গণঅভ্যুত্থানের অংশীজনদের সতর্ক থাকতে হবে।’

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের সম্মানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।