গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়বাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উড়ালসড়কের পশ্চিম পাশে তাকওয়া বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির দু’ সন্তানসহ পাঁচজন আহত হয়েছেন।

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ঘোড়িয়া গ্রামের আনসার আলীর ছেলে নাজমুল হোসেন (৩৩) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (২৮)। অপরজন অটোরিকশার চালক হালিম ওরফে জুয়েল সরকার (২৫)। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চন্ডিপুরের হিরো সরকারের ছেলে।

আহতরা হলেন নিহত দম্পতির ছয় বছরের মেয়ে ও এক বছরের ছেলে। অপর তিনজন হলেন কোনাবাড়ী এলাকার এনামুল (৩০), মানিকগঞ্জ জেলার ধামরাইয়ের অজিত চরণ (৪৫) ও তার বাবা গঙ্গা চরণ (৮০)।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে একটি অটোরিকশা উল্টো পথে আসছিল। এমন সময় তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রার দিকে যাওয়ার সময় কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী, তাদের দু’ সন্তান ও চালকসহ সাতজন ছিলেন। তারা সবাই আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে ওই দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’