স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার’ অনুরোধের চিঠি ভাইরাল হওয়ার পর গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) নমিতা দে’কে ওএসডি করা হয়েছে। একই ঘটনায় সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ চিঠি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সঞ্চার হয়। একই দিন বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত রফিক স্বাক্ষরিত চিঠিতে তাকে ওএসডি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসন বিভাগ থেকে বিশেষ প্রার্থনার জন্য সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেয়া হয়। গত ২০ মার্চ সই করা চিঠিতে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে উল্লেখ করেন, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ওইদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

কিছুক্ষণ পর ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা’ অংশটুকু বাদ দিয়ে একই তারিখ উল্লেখ করে সংশোধিত আরেকটি চিঠি ইস্যু করেন নমিতা দে। বিষয়টি অবগত হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় নমিতা দে’কে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান।

গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে বলেন, প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন প্রথম চিঠিটি অন্যান্য ফাইলের সাথে গোলমাল পাকিয়ে তাড়াহুড়ো করে সই করিয়ে নেন। হামিদা খাতুন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি জানার পর তিনি দ্রুত সংশোধিত চিঠি ইস্যু করেছেন এবং বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন নমিতা দে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এ ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সচিব নমিতা দে’কে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাকে এবং হামিদা খাতুনকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান সই করা চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।