যশোর-কায়েমকোলা সড়কের নারাঙ্গালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দিপু মনি (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই বন্ধু রাকিব হোসেন (১৮) ও সুজন হোসেন (১৮)।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু মনি যশোর এমএম কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। আহত রাকিব পাশাপোল গ্রামের রাজা মিয়ার ছেলে এবং সুজন বানরহুদা গ্রামের বাসিন্দা। তারা দু’জনেই পাশাপোল আমজামতলা মডেল কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সহিদুল ইসলাম জানান, ছয় বন্ধু দুটি মোটরসাইকেলে করে যশোর থেকে ফিরছিলেন। পথে নারাঙ্গালী এলাকায় বেপরোয়া গতিতে চলা দুটি মোটরসাইকেল একে অপরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে একটি মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে যায় এবং তাতে থাকা দিপু, রাকিব ও সুজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে অন্য বন্ধুদের সহায়তায় যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন। রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। সুজন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ এবং পাশাপোল আমজামতলা মডেল কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।