নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার চরক্লার্ক গ্রামে দু’শিশু তাদের পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ের স্বজনরা পুকুরে এক শিশুর লাশ ভাসতে দেখে। পরে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আরেক শিশুর লাশও উদ্ধার করে। এ সময় স্থানীয়রা তাদের গ্রাম্য ডাক্তারের কাছে নিলে দু’জনকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুরা হলো উপজেলার দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) ও একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা স্থানীয় ফকির মার্কেট নুরানি মাদরাসার নুরানি বিভাগের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’