মৌলভীবাজার-২ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন অ্যাডভোকেট আবেদ রাজা সাপোর্টার্স ফোরাম-এর ‘অঙ্গিকার বন্ধন’।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন অ্যাডভোকেট আবেদ রাজা সমর্থকরা। তারা দাবি করেন এই আসনে যাকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে তার মনোনয়ন অবিলম্বে বাতিল করতে হবে।
মানববন্ধনে এই মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, ‘কুলাউড়ায় এমন একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে, তিনি কখনো এক মিনিটের জন্য জেলে যান নাই। যার বিরুদ্ধে কোনো মামলা নাই। তিনি আন্দোলনের সময় লন্ডন চলে গেছেন। এটা আমার কথা নয়। কুলাউড়ার সবাই জানেন।’
তিনি বলেন, ‘এক মাস আগে কুলাউড়াতে বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে, সেখানে এই ব্যক্তি পরাজিত হয়েছেন। যিনি নেতাকর্মীদের কাছে পরাজিত হন। সে ব্যক্তি দেশের মানুষের ভোট নিয়ে কিভাবে নির্বাচিত হবেন?’
মানববন্ধন থেকে প্রাথমিক প্রার্থী প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি পেশ করা হয়। আসনটিতে প্রার্থী পুনর্বিবেচনা করবে বলে প্রত্যাশা মানববন্ধনে অংশগ্রহণকারীদের।
সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও আহ্বায়ক এনাম আহমদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট শাহ মো: খসরুজ্জামান, সিনিয়র আইনজীবী, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সাবেক ছাত্রদল নেত্রী নিশিতা, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান প্রমুখ।