নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে ডাকাতির সময় বাঁধা দেয়ায় তাকে ও তার পরিবারের সদস্যদেরকে কুপিয়ে আহত করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার ভোরে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র (দা, রামদা, সাবল ও লোহার রড) নিয়ে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। কবির হোসেনের চার ভাইয়ের (প্রতিবেশি) বাসার দরজাও বাইরে থেকে ছিটকিনি দিয়ে লাগিয়ে দেয়া হয়। এসময় ঘরে থাকা আলমারীর চাবি না দেয়ায় কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও বড় ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে জখম করে তারা।

এসময় আলমারী ভেঙে স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা লুট করে ডাকাতদল।

পরে কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাতদের প্রতিরোধের ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।