টাকার বিনিময়ে টিসিবি কার্ড দেয়ার অভিযোগ হাতেনাতে প্রমাণিত হওয়ায় রংপুরের কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল ইসলামকে (৫৩) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণের সময় তাকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাশেদুল ইসলাম একই ইউনিয়নের বিশ্বনাথ এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, টেপামধুপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড (টিসিবি) উপকারভোগীদের মাঝে মঙ্গলবার স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছিল। এসময় ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম প্রতিজন কার্ডধারীর কাছ থেকে বসতবাড়ির ট্যাক্সের ৩০০ টাকা নিচ্ছিলেন। অনেকের কাছ থেকে দু’বার ট্যাক্সের টাকা আদায় করছিলেন তিনি। এসময় সেখান স্মার্ট কার্ডধারীরা এর প্রতিবাদ করলে চেয়ারম্যান ও তাদের লোকজনের মধ্যে হট্টগোল বাঁধে। প্রতিবাদকারীরা চেয়ারম্যানকে অবরুদ্ধ কর রেখে সেনাবাহিনীকে জানায়।
ওসি জানান, খবর পেয়ে বিকেলে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে কার্ডধারীদের কাছ থেকে চেয়ারম্যান রাশেদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে।
ওসি আরো জানান, তার নামে নুরুজ্জামান নামে এক কার্ডধারী চাঁদাবাজির ধারায় মামলা করেছেন। তাকে থানায় আনা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, ‘টিসিবি স্মার্ট কার্ড বিতরণে ট্যাক্সের টাকা রশিদ মুলে নেয়া হয়েছে। আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে মামলা দেয়া হয়েছে।’