ইবনে সিনা ট্রাস্ট ও চট্টগ্রাম জেলা পরিষদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা ইবনে সিনার সকল শাখায় বিশেষ সুবিধায় মেডিক্যাল সেবা নিতে পারবেন।
বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তিতে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষে প্রতিষ্ঠানটির এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জি এম তারিকুল ইসলাম স্বাক্ষর করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এস এম খালেকুজ্জামান, মো: মোরশেদ আলম, প্রধান সহকারী মো: এজাজ, সিএ টু সিইও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, হিসাব রক্ষক তাফহীম কবির চৌধুরী, উচ্চমান সহকারী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, পিএ টু প্রশাসক মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, ইবনে সিনা ট্রাস্টের ডেপুটি ম্যানেজার (এডমিন) ও ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার চট্টগ্রামের ইনচার্জ মো: আব্দুর রাকিব, বিজনেস ডেভলপমেনন্ট ইনচার্জ মো: রেজাউল করিম, অ্যাকাউন্টস ইনচার্জ আমিরুল ইসলাম, কাস্টমার কেয়ার ইনচার্জ মুহাম্মদ হাসান, বিজনেস ডেভলপমেন্ট অফিসার সানাউল ইসলাম ও সবুজ মিয়া প্রমুখ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম বলেন, ‘এ চুক্তির মাধ্যমে চট্টগ্রাম জেলা পরিষদ ও ইবনে সিনা ট্রাস্টের একটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠবে, যা উভয় প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে সহায়তা করবে।’
ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও হেড অব বিজনেস ডেভলপমেন্ট জি এম তারিকুল ইসলাম বলেন, ‘এ চুক্তির আওতায় চট্টগ্রাম জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত সারাশের যেকোনো শাখা থেকে বর্ণিত সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী প্যাথলজি টেস্টে ৩৫ শতাংশ এবং রেডিওলজি টেস্টে ৩০ শতাংশ ডিসকাউন্টসহ বিশেষ সুযোগ-সুবিধা পাবেন।’