ঝালকাঠির কাঁঠালিয়ায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও সহপাঠীদের ভালোবাসায় সিক্ত হলেন প্রাথমিক জাতীয় শিক্ষা পদক পাওয়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাহছিনা পারভিন নিছা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় ৫১ নম্বর কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় তাকে সংবর্ধনা দেয়। বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক অভিভাবক ও সহপাঠীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি তানিয়া। এতে বক্তব্য রাখেন শিক্ষক শিপ্রা রানী, মো: নজিবুর রহমান, লিনা পারভিন, মো: নাসির উদ্দিন, আফরোজা আক্তার, হাফছা আক্তার ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা।
এর আগে গত বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিছাসহ পদক পাওয়া শিক্ষার্থীদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বছর এ উপজেলা থেকে নিছাসহ অন্যান্য বিদ্যালয় থেকে পাঁচ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেছে।
নিছার মা ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভিন বলেন, আমার দুই মেয়ের মধ্যে নিছা ছোট। ওর এ অর্জনে আমরা পরিবারের সবাই খুশি।
বিদ্যালয় প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি তানিয়া বলেন, নিছা আমাদের গর্ব। নিছা ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রীর হাত থেকে পদক পাওয়ার কারণে দেশের মানুষ এ বিদ্যালয়ের নাম জেনেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কেএম জামান জানান, উপজেলার ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগিতায় ৫ জন সরকারি প্রাথমিক পদক পেয়েছে। এটা আমাদের অহংকার। আমি পদক পাওয়া শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।