টাঙ্গাইলের সখীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর রউফ (৪৫) নামে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সখীপুর-গোড়াই সড়কের পেকুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রউফ উপজেলার হাতীবান্ধা পূর্বপাড়া গ্রামের জব্বার আলীর ছেলে এবং উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল (কোষাধ্যক্ষ) সম্পাদক।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুর রউফ ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে মির্জাপুরের পেকুয়ার উদ্দেশে রওনা হন। সাড়ে ৬টার দিকে পেকুয়া বাজারের আগে পৌঁছালে তার মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। রউফ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরে সন্ধ্যার দিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে গাজীপুরে চন্দ্রা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, ‘আব্দুর রউফ দলের জন্য নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।’

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন বলেন, ঘটনাস্থল মির্জাপুরে পড়েছি। তাই এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।