চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদের ব্যানারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, প্রজন্ম লোহাগাড়া আহ্বায়ক মোহাম্মদ শাহাব উদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবিদ নুরুচ্ছাফা, সমাজসেবক ও রাজনীতিবিদ গোফরান তোরাব, সাংবাদিক জাহেদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন পরিষদের সদস্যরা ও অন্যান্য স্থানীয় নেতা, সাংবাদিক, লোহাগাড়ার জনসাধারণ।

বক্তারা বলেন, বছরে বড় একটি আয়ের উৎস কক্সবাজার, যা বাংলাদেশের জিডিপিতে অনেক বড় ভূমিকা রাখে। মহাসড়কটিতে প্রতিদিন যেভাবে দুর্ঘটনা ঘটছে, যেভাবে প্রতিদিন একজন মা সন্তান হারা হচ্ছেন, ভাই হচ্ছেন বোন হারা, বোন হচ্ছেন ভাই হারা- এটা কোনোভাবেই মেনে নেয়ার মতো না। সড়কটি এখন আর কালো নেই, এটি এখন আমরা রক্তে লাল দেখি।

তারা আরো বলেন, দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করতে হবে। যদি সড়ক ছয় লেন করা না হয় তাহলে সকলকে সাথে নিয়ে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হবে।

বক্তরা এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।