মৌলভীবাজারে দিন-দুপুরে প্রকাশ্যে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহীন আহমেদ (২৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) দুপুর ১২টার দিকে কুলাউড়া পৌরশহরে ঘটনাটি ঘটেছে।
শাহীন আহমেদ পৌরসভার জয়পাশা এলাকার বাসিন্দা ইসহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ কুলাউড়া শহরের দক্ষিণবাজার থেকে কাদিপুর ইউনিয়নগামী সড়কের সম্মুখে কুলাউড়া থানা থেকে মাত্র ১০০ গজের মধ্যে সিএনজি অটোরিকশাকে থেকে কে বা কারা অটোরিকশা চালক শাহীনকে ধাওয়া করে। একপর্যায়ে সিএনজি অটোরিকশায় বসে এক ঘাতক ছুরি দিয়ে শাহীনকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
এ সময় পথচারীরা আহত শাহীনকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, নিহতের লাশ কুলাউড়া হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতে পরিবার অভিযোগ দিলে তদন্তক্রমে আইনানুগব্যবস্থা গ্রহন করা হবে।