চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৭টায় উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মতিয়ারের ইটভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রোজিনা খাতুন কার্পাসডাঙ্গা গ্রামের মুচিরবটতলার ফল ব্যবসায়ী সামসুল আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে রোজিনা খাতুন প্রাতভ্রমণে বের হন। এ সময় ইটভাটার সামনে পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনার পর মোটরসাইকেলচালক কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের ইদুর ছেলে হৃদয়কে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ হৃদয়কে হেফাজতে নেয়।

কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শেখ নাইমুল জানান, মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই রোজিনা খাতুনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা মোটরসাইকেলচালককে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে।