বরিশালের উজিরপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ভুক্তভোগীর পরিবার উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এর আগে সোমবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশু প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটে রবিউল তালুকদার তাকে বিভিন্ন প্রলোভন দেখান। একপর্যায়ে একটি পানের বরজের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে ধর্ষণ করতে না পেরে পালিয়ে যায় রবিউল। পরে বাড়িতে গিয়ে বিষয়টি মাকে জানায় ওই শিশু।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: সালাম বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে।’