মো: ফজলুল করিম, ফটিকছড়ি (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় ইয়াবা ও গাঁজাসহ মোহাম্মদ আজম ও তার ছেলে ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) রাতে সানমুন ক্লাব সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। মাদক কেনাবেচার সময় হাতেনাতে ধরা পড়েন বাবা-ছেলে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে মাদক সিন্ডিকেট পরিচালনা করছিলেন। এ কারণে স্থানীয় যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক সিন্ডিকেট পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি অব্যাহত থাকবে।’

পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে।