তানযীম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আধুনিক ও ধর্মীয় সমন্বিত শিক্ষার আলো ছড়াচ্ছে এ স্কুল। ইংরেজি মাধ্যমের সাথে ধর্মীয় সমন্বিত শিক্ষা হিসেবে পবিত্র কোরআনের হাফেজ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের গড়ে তুলছে। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে না পারলে আগামীতে চক্ষু শীতলকারী প্রজন্ম গড়ে উঠবে না। এতে সমাজের অনাচার ও ব্যভিচার বাড়বে। সন্তানের সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে এ প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করবে।’
বৃহস্পতিবার (৩১ জুলাই) তানযীম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের প্রথম ক্যাম্পাস মদীনা মার্কেট শাখার প্রথম গ্র্যাজুয়েশন সিরিমনি- ২০২৫ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
মদীনা মার্কেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন গাউন পড়ে শিক্ষার্থীরা ক্লাস বদলের আনন্দে মেতে উঠে। এদিকে অভিভাবকরাও সন্তানদের সাফল্যে ছিলেন উৎফুল্ল। অনুষ্ঠানমালার বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. নজরুল ইসলাম, গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. সাফি আহমদ, ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষক ডা: ফয়সল আহমদ, স্বদেশ বাংলা গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন ওই স্কুলের প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাঈদ হুসাইন। এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন তামান্না তুল জান্নাত ও শারমিন সাদিয়া হলি। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন রিসেপশন ক্লাসের আবিরের মাতা হ্যাপি বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মাজেদুল ইসলাম। শিক্ষার্থীদের সাথে নিয়ে কালচারাল ইভেন্ট সঞ্চালনা করেন শিল্পী হেলাল আহমদ। পরে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।