যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস হত্যায় মৃত হাজারো ফিলিস্তিনি শিশুর স্মরণে তাদের প্রতিকী লাশ হাতে বিক্ষোভ মিছিল করেছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় মিছিলের নেতৃত্ব দেন জামায়াত-শিবিরের নেতারা।
মিছিলের পর পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম।
বক্তারা বলেন, ‘ইসরাইলি বাহিনী গাজায় যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে। তারা নৃশংসভাবে নিস্পাপ শিশুসহ নারী-পুরুষের ওপর বিমান হামলা করছে। এতে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। অথচ বিশ্ব বিবেক এখনো ঘুমাচ্ছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একইসাথে জাতিসঙ্ঘসহ বিশ্ব নেতাদের কাছে এর সুষ্ঠু বিচার চাই।’
এ সময় অন্যদের মধ্যে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।