পুলিশি সেবা সহজীকরণ করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সকল থানা এলাকায় সবধরনের অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সুবিধার চালু হয়েছে। আগে শুধু হারানো ও প্রাপ্তি বিষয়ে অনলাইনে জিডি করা যেত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে এসএমপির ছয়টি থানায় প্রাথমিক পর্যায়ে এই সেবা চালুর কথা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর ফলে এখন থেকে জিডি করতে আর ঝামেলায় পড়তে হবে না সিলেট মহানগর এলাকার ছয়টি থানার বাসিন্দাদের। মঙ্গলবার থেকে তারা ঘরে বসেই সবধরনের জিডি করতে পারছেন।
এসএমপির ছয় থানা হচ্ছে কোতোয়ালী মডেল থানা, জালালাবাদ, এয়ারপোর্ট, শাহপরান (র.), দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে বিকাশ প্রতারণা, বিভিন্ন ধরনের হুমকি, আশঙ্কাসহ অন্যান্য বিষয়ে জিডি করা যাবে। প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে সিলেট মহানগরী ও চাঁদপুরে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে হয়তো দেশের বিভিন্ন জেলা ও মহানগরীতে কার্যক্রম শুরু হবে।