চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনায় আবারো পাওয়া গেল বোমা। শুক্রবার (১৪ মার্চ) সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পেছনে ইটখোলা নামক স্থানে এ বোমার সন্ধান পাওয়া যায়। পরে দর্শনা থানায় খবর দিলে পুলিশ ওই এলাকা ঘিরে রাখে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দর্শনা কেরু চিনিকল এলাকাসহ পৌর এলাকা থেকে ১৩টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমির বলেন, একটি বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে। ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। পরে এটি উদ্ধার করে পানির ভেতরে রাখা হবে। পরীক্ষা-নিরিক্ষার পর জানা যাবে বোমা নাকি ককটেল।
তিনি আরো বলেন, এর আগে ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে উদ্ধারকৃত ছয়টি বোমার মধ্যে দুটি বোমা নিষ্ক্রিয় করা হয়। বোম ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে। আগের চারটি ও আজ উদ্ধারকৃত একটি মোট পাঁচটি বোমা নিষ্ক্রিয় করা হবে।
উল্লেখ্য, গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দর্শনা কেরু চিনিকল এলাকা থেকে পৃথক পৃথকভাবে ছয়টি বোমা উদ্ধার করা হয়। এক দিনের ব্যবধানে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে সাতটি বোমা উদ্ধার করা হয়, যার মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়ে গোটা এলাকা প্রকম্পিত হয়। পরে রাজশাহী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-৫ ইউনিট ও যশোর সেনানীবাসের ৫৫ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট তা নিস্ক্রিয় করে। এ বিষয়ে কেরু চিনিকল কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা করেছিল।