রাজবাড়ীর সদর উপজেলায় একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখ নামের এক ব্যক্তির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল মোল্লা বলেন, যুবকের বয়স ৪০ থেকে ৪৫ বছর। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ছালেহা বেগম জানান, সকালে তার বোন পেঁপে পাড়তে গিয়ে কচুরিপানার মধ্যে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, লাশের মুখ আগুন বা এসিডে পোড়ানো হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, লাশটি ছয় থেকে সাত দিন ধরে পানিতে থাকায় মুখ পচে গেছে।