ফরিদপুরের মধুখালীতে অসুস্থ বাবাকে ডাক্তার দেখাতে হাসপাতালে নেয়ার পথে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শুকলা বিশ্বাস (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবা ও শুকলা বিশ্বাসের আরেক বোন।
মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শুকলা বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের মনোহর বিশ্বাসের মেয়ে। আহত ব্যক্তিরা হলেন মনোহর বিশ্বাস (৮৫) ও তার মেয়ে পারুল বিশ্বাস (৪৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের মনোহর বিশ্বাস অসুস্থ হলে পারুল ও শুকলা নামে তার দু’মেয়ে তাকে মাইক্রোবাসযোগে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় মাগুরাগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় ছোট বোন শুকলা বিশ্বাস ঘটনাস্থলে নিহত হন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রাশেদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার ডা: কবির সরদার বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছে। দু’জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী বলেন, দু’মেয়ে তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথে ট্রাকের সাথে সংঘর্ষে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, মাইক্রোবাসটি বামপাশ দিয়ে না গিয়ে ডান পাশের লেন দিয়ে যাওয়ার কারণে এই সংঘর্ষ হয়। ট্রাকটি আটক করা হয়েছে। আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।