বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে জান্নাত আরা বেগম ঝর্ণা (৩৭) নামে নারী শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের চাককাটা বোয়ালের আগা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত আরা বেগম ঝর্ণা কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম শফি আলমের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ‘জান্নাত আরা শ্রমিকদের জন্য পানি ও চা-নাস্তা নিয়ে রাস্তার কাজে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বন থেকে একটি হাতি এসে তাকে আক্রমণ করে। অন্য নারী শ্রমিকরা দেখে চিৎকার করলেও হাতিটিকে থামানো যায়নি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।