মাদারীপুরে বিল পদ্মা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক,রাজনৈতিক নেতারা ও এলাকাবাসী।

সোমবার (৯ জুন) দুপুরে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায় বিল পদ্মা নদীর পাড়ের রশিদ হাওলাদারের হাটে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই মাদারীপুর সদর উপজেলা ছিলারচর,কালিকাপুর, ধুরাইল ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছে। এই এলাকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ নদের শাখা নদী বিল পদ্মার দুইপাড়ের প্রায় ৫০ হাজার কৃষক, ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রীরা ব্রিজ না থাকায় খেয়াঘাটে নানা ভোগান্তির শিকার হচ্ছে। তাই একটি সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এসময় বক্তব্য দেন মাদারীপুর জেলা জামায়াতের আমির আব্দুস সোবহান খান,ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলার সভাপতি আমিনুল ইসলাম খলিল মোড়ল, ছিলারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাবুল মোল্লা, মাদারীপুর ওলামা পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, শিবচর উপজেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন বেপারীসহ স্থানীয় যুবসমাজের নেতারা।