যশোরের চৌগাছায় খাদিজা খাতুন নামে এক গৃহবধূ চার দিন ধরে নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে এ ঘটনায় গৃহবধূর বাবা লোকমান হোসেন চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি উপজেলার নারায়নপুর ইউনিয়নের ইলিশমারী গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগে গৃহবধূর বাবা লোকমান হোসেন বলেন, ‘১৩ বছর আগে আমার মেয়ে খাদিজা খাতুনকে চৌগাছা উপজেলার জগদিশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর গ্রামের মরহুম সিদ্দীক আলীর ছেলে ইদ্রিস আলীর সাথে বিয়ে হয়। বিয়ের শুরু থেকেই ইদ্রিস আলী নগদ যৌতুকসহ বিভিন্ন জিনিসপত্রের জন্য মেয়েকে শারীরিক নির্যাতন করতো। না দিলে মেয়েকে হত্যা ও তালাকসহ বিভিন্ন হুমকি-ধামকি দিতো। মেয়ের সুখের কথা চিন্তা করে আমি সাধ্যানুযায়ী তার স্বামীকে টাকা দিয়ে আসছিলাম। সম্প্রতি ইদ্রিস আলী বেপরোয়া হয়ে ওঠে। প্রতিনিয়ত মেয়েকে মারধর গালি-গালাজ করতো। পারিবারিক অশান্তির কারণে গত তিন মাস খাদিজা খাতুন আমার বাড়িতে ছিল। ১৯ মার্চ সামাজিকভাবে সালিশ বৈঠক করে তারা খাদিজা খাতুনকে নিয়ে যায়। ২১ মার্চ রাতে ইদ্রিস আমাকে মোবাইলে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করে বলে মেয়েকে নিয়ে যেতে। পরে ২২ মার্চ ভোর ৪টা থেকে আমার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ের ফাতেমা খাতুন (১১) ও সাইমা খাতুন (৩) নামে দু’টি সন্তান রয়েছে। মেয়েকে খুঁজে পেতেই আমি ২৪ মার্চ চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’

চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই শান্ত বলেন, ‘অভিযোগটি পেয়েছি।বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান।’