ঢাকা সাভার হেমায়েতপুরের হরিণ ধরার বিসিক শিল্প নগরী ট্যানারিতে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাঁচা চামড়া, ওয়েট ব্লু চামড়া রফতানি করার সিদ্ধান্তের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চামড়া সংশ্লিষ্ট ১৪টি সংগঠন ও ট্রেড ইউনিয়নের নেতারা এসব চামড়া রফতানি না করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, সরকার এ বছরের ২৫ আগস্ট পর্যন্ত যে কাঁচা চামড়া, ওয়েট ব্লু চামড়া রফতানির সিদ্ধান্ত নিয়েছে তা আত্মঘাতী, এটা কোনোভাবেই রফতানির আদেশ দেয়া যাবে না। আদেশ দিলে ট্যানারি মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এতে করে বেকার হয়ে পড়বেন শ্রমিকরা।
রফতানির আদেশ বাতিলের জন্য এবং রফতানি না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাদের কাছে আহ্বান জানান তিনি।
এ সময় বাংলাদেশ ফিন্সি লেদার অ্যাসোসিয়েনের সহ-সভাপতি আব্দুল আউয়ালসহ বিভিন্ন সংগঠনের নেতারা, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।